কক্সবাজারে ঢেউয়ের টানে ৩ পর্যটকের মৃত্যু
- আপডেট সময় : ১০:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের হিমছড়ি সৈকতে বুধবার বিকেলে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। বিকেল সাড়ে চারটার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১২ জনের একটি পর্যটক দল হিমছড়িতে বেড়াতে গিয়েছিলো। দলটির পাঁচ সদস্য সাগরে নামলে শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান। পরবর্তীতে লাইফগার্ড কর্মী ও স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ দুজনকে পাওয়া যায়নি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে নিহত তিনজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
এদিকে লাইফগার্ড সংস্থা সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, হিমছড়ি ও দরিয়ানগরসহ কক্সবাজার সৈকতের বিভিন্ন স্থানে প্রায় বিশটি গুপ্তখাল তৈরি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টাঙানো থাকলেও অনেক পর্যটক তা না মেনে সাগরে নামছেন।


























