কারাগার থেকে এসএসসি দিচ্ছে নোয়াখালীর এক শিক্ষার্থী
- আপডেট সময় : ০৫:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় ব্যতিক্রমীভাবে অংশ নিচ্ছে নোয়াখালীর এক কিশোর শিক্ষার্থী। কারাগারের ভেতর থেকে পরীক্ষা দিচ্ছে এই শিক্ষার্থী। নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা মাহবুব এলাহী রাজিন (১৫) বর্তমানে একটি হত্যা মামলার আসামি হিসেবে নোয়াখালী জেলা কারাগারে বন্দি রয়েছে। আদালতের বিশেষ অনুমতিতে সে কারাগার থেকেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
জানা গেছে, মাহবুব নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের পরীক্ষার্থী শিক্ষার্থী। বর্তমানে তার পরীক্ষা কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল। কারাগারের অভ্যন্তরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানে তার পরীক্ষা নেওয়া হচ্ছে।
নোয়াখালী জেলা কারাগারের জেলার আবু মুছা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা শিক্ষা বোর্ডের বিধিমালা অনুসরণ করে তার পরীক্ষা নেওয়া হচ্ছে। বাকি পরীক্ষাগুলোও একইভাবে কারাগার কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।এ বিষয়ে কারাগারের জেল সুপার আ. বারেক বলেন, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং যথাযথভাবে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।












