কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫১৯ জন আটক
- আপডেট সময় : ০৫:২৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত রাত সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে মোট ৫১৯ জনকে আটক করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত ছিলেন। কুমিল্লা শহরসহ প্রতিটি থানার যেসব এলাকায় কিশোর বখাটেদের দৌরাত্ম্য ও উৎপাত বেশি, সেসব স্থানে বিশেষ নজর দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, আটককৃতদের প্রত্যেকের কর্মকাণ্ড ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মূলত উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধের পথে পা বাড়াতে না পারে এবং জননিরাপত্তা বজায় থাকে, সেই উদ্দেশ্যেই জেলা পুলিশের এই নিয়মিত প্রচেষ্টা। প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলায় এই বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।
পুলিশের মিডিয়া সেলের তথ্য বলছে, গত পাঁচ ধাপের অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা প্রদানের শর্তে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে, যাদের একটি বড় অংশ শিক্ষার্থী। বাকি ৬২৬ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ থাকায় তাদের আদালতের মাধ্যমে আইনি শাস্তির আওতায় আনা হয়েছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে জেলার সবকটি ইউনিটের সমন্বয়ে অভিযান কার্যক্রম চলমান থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে অপ্রতিম হত্যার পরপরই জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আলোচনায় উঠে আসে। বিভিন্ন ইউনিট কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে।

























