সিলেটে রেস্তোরাঁয় তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২
- আপডেট সময় : ১০:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় খেতে আসা এক তরুণ ও তাঁর বান্ধবীর ছবি গোপনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা ওই রেস্তোরাঁরই কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ভুক্তভোগী ওই তরুণ তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের রেস্তোরাঁটিতে যান। সে সময় রেস্তোরাঁর কর্মীরা গোপনে তাঁদের ছবি তোলেন। এরপর সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে দেওয়া হয়। এতে ওই তরুণ ও তাঁর বান্ধবী হেনস্তা, অপপ্রচার এবং উসকানির শিকার হন। এতে দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
ভুক্তভোগী তরুণ তাঁর অভিযোগে উল্লেখ করেছেন, এভাবে ছবি ছড়িয়ে দেওয়ার ফলে দুই পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে এবং তাঁরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। ঘটনার পর পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে রেস্তোরাঁর ওই দুই কর্মীকে শনাক্ত করে। এরপর রোববার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিলেট কোতোয়ালি থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আজ সোমবার ভুক্তভোগী তরুণের দায়ের করা মামলার ভিত্তিতে আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশি তদন্ত চলমান রয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

























