কুমিল্লা সীমান্তে মাদক অভিযানে গিয়ে বিএসএফের কবলে দুই পুলিশ
- আপডেট সময় : ০২:৫৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। আটক হওয়া দুই পুলিশ হলেন একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল। বৃহস্পতিবার রাত ১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি পুলিশ দল সিএনজিচালিত অটোরিকশাযোগে টহলে ছিল। টহলের সময় তারা শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যান। এ সময় এক মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাঁর পিছু ধাওয়া করেন।
একপর্যায়ে ওই কনস্টেবল সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ডে পৌঁছে গেলে স্থানীয়রা তাঁকে ঘিরে ফেলে। তাঁকে উদ্ধার করতে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন এগিয়ে গেলে তাঁকেও ভারতীয় নাগরিকরা আটক করে। পরবর্তীতে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যরা ওই দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, মাদক কারবারিকে ধরতে গিয়েই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আটক পুলিশ সদস্যদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

























