চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানোর সময় ধাওয়া করে আটক দুই
- আপডেট সময় : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল নিয়ে বিল পরিশোধ না করে পালিয়ে যাওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার চুয়াডাঙ্গা ফিলিং স্টেশন ও হাইওয়ে ফিলিং স্টেশনে এই চুরির ঘটনা ঘটে। পরে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের বাসিন্দা সেলিম রেজা (৪২) এবং একই উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা শান্ত রহমান (২০)। ঘটনার সময় তাঁরা দুটি মোটরসাইকেলে ছিলেন।
পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের মালিক তসলিম আরিফ জানান, রাত ৯টা ৪৮ মিনিটে ওই দুই ব্যক্তি তাঁর পাম্পে এসে ১ হাজার ৭৫০ টাকার তেল নেন। এসময় কৌশলে তাঁরা মবিল নেওয়ার কথা বলে কর্মচারীকে পাম্পের ভেতরে পাঠিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের এই ঘটনার পরপরই হাইওয়ে ফিলিং স্টেশন এবং সরোজগঞ্জ এলাকার পাম্প মালিকদের বিষয়টি সতর্ক করে দেওয়া হয়।
পরবর্তীতে রাত ১০টা ২৫ মিনিটের দিকে তাঁরা চুয়াডাঙ্গা–ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ডিঙ্গেদহ এলাকায় অবস্থিত হাইওয়ে ফিলিং স্টেশনে গিয়ে একই কায়দায় আবারও ১ হাজার ৭৫০ টাকার তেল নেন এবং ঝিনাইদহের দিকে দ্রুত পালানোর চেষ্টা করেন। তবে পাম্পের লোকজনের ধাওয়ায় শেষ রক্ষা হয়নি। প্রায় পাঁচ কিলোমিটার পিছু ধাওয়া করার পর তাঁদের আটক করা হয়। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তিনি দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ফিলিং স্টেশনের মালিকপক্ষ ইতিমধ্যে আটককৃতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

























