বাঁশখালীতে লগি-বইঠা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
- আপডেট সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা লগি-বইঠা নিয়ে একটি মিছিল বের করেছেন। শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ব্যানার নিয়ে মিছিল করছেন এবং তাঁদের অনেকের হাতে রঙিন লগি ও বইঠা রয়েছে। মিছিলটি চুনতি বাজার এলাকায় পৌঁছালে সংক্ষিপ্ত সমাবেশ হয়, যেখানে একজনকে বক্তব্য দিতে দেখা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানিয়েছেন, মিছিলের খবর পেয়েই নিকটস্থ টহলে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। ওসি আরও জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তাঁদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।


























