মেট্রোরেল স্টেশনগুলোতে বসছে অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম
- আপডেট সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে বিমানবন্দরগুলোর আদলে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম।
নতুন এই নিরাপত্তা পরিকল্পনার আওতায় মেট্রোরেল স্টেশনগুলোতে প্রবেশের পূর্বেই যাত্রীদের শরীরে থাকা কোনো ধাতব বস্তু শনাক্তের জন্য আর্চওয়ে মেটাল ডিটেক্টর বসানো হবে। এছাড়া যাত্রীদের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল পরীক্ষা করার জন্য লাগেজ স্ক্যানারও স্থাপন করা হবে। আধুনিক এই নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য গত ১৯ অক্টোবর ডিএমটিসিএলের পক্ষ থেকে অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে। সংস্থাটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এ দরপত্র আহ্বান করেন। দরপত্র বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে। এর আওতায় লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচলব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের রক্ষণাবেক্ষণ করা হবে।
দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু নিরাপত্তা সরঞ্জামই নয়, বরং এমআরটি লাইন-৬-এর ডিপোতে স্থাপিত বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণের বিষয়টিও এই চুক্তির অন্তর্ভুক্ত রাখা হয়েছে। আগ্রহী দরদাতাদের আগামী ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের নথিপত্র সংগ্রহ করতে হবে।
তবে প্রকল্পের বিস্তারিত বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। বিশেষ করে মোট কতটি যন্ত্র কেনা হবে, পর্যায়ক্রমে কোন কোন স্টেশন থেকে এই কার্যক্রম শুরু হবে কিংবা যাত্রীদের নিয়মিত তল্লাশি প্রক্রিয়া ঠিক কবে থেকে চালু হতে পারে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। বর্তমানের তুলনায় মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ই-জিপি পোর্টালে পাওয়া যাবে। এর ফলে নিরাপত্তা তল্লাশির সক্ষমতা বাড়বে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা মিলবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


























