সাত কলেজের তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর
- আপডেট সময় : ০৩:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের যাবতীয় তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিকট হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের হাতে শিক্ষার্থী সংক্রান্ত তথ্য তুলে দেন। এ সময় তিনি সাত কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সার্বিক সাফল্য কামনা করেন এবং বলেন যে, এই তথ্যাদি হস্তান্তরের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। সেই সঙ্গে এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
তথ্য দ্রুত হস্তান্তরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য মো. লুৎফর রহমান জানান, শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গতি বাড়াতে ইতোমধ্যে বেশ কিছু জোরালো পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন। এ ছাড়াও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে সহ-উপাচার্য অধ্যাপক সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক বোরহান উদ্দিন এবং রেজিস্ট্রার অনুষ্ঠানে অংশ নেন।


























