সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে নতুন তিন গুণীজনের প্রতিকৃতি
- আপডেট সময় : ১০:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ফুটপাতের সীমানাপ্রাচীর ও দেয়ালের নতুন অংশে যুক্ত হয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে এই একই দেয়াল জুড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সত্যজিৎ রায়সহ শিল্প-সংস্কৃতির অঙ্গনের ১০ জন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। নতুন এই তিন প্রতিকৃতি যুক্ত হওয়ার ফলে দেয়ালটিতে চিত্রিত গুণী ব্যক্তির সংখ্যা বাড়ল। তবে দেয়ালের পরিবর্তনের ধারায় সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতিটি তালিকা থেকে বাদ পড়েছে।
এই বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার জানান, দেয়ালের প্রতিকৃতিগুলো একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। তিনি ব্যাখ্যা করে বলেন, সঞ্জীব চৌধুরীর সময়ের সাথে এখানে স্থান পাওয়া গুণী ব্যক্তিদের সময়ের বিস্তর ফারাক রয়েছে। তরুণ প্রজন্মের অনেক শিল্পীর প্রতিকৃতি না থাকা নিয়ে সাধারণের কৌতুহলের বিষয়ে তিনি জানান, তরুণদের অবদানকে সম্মান জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আলাদাভাবে প্রতিকৃতি তৈরির পরিকল্পনা তাদের রয়েছে। পর্যায়ক্রমে আরও গুণীজনের ছবি বিভিন্ন দেয়ালে যুক্ত করা হবে এবং ইতোমধ্যে নতুন কিছু দেয়াল বাছাই করা হয়েছে।
ফুটপাতটির সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছিল ৫ অক্টোবর সোমবার। ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম উদ্বোধনী অনুষ্ঠানে স্পষ্টভাবে ঘোষণা করেন, ঢাকার সড়ক ও ফুটপাতে হকারদের বসতে দেওয়া হবে না। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, হকারদের জীবিকার বিষয়টি মাথায় রেখে তাদের জন্য বিকল্প ব্যবস্থার সন্ধান করছে সিটি করপোরেশন। পথচারীদের হাঁটার পরিবেশ উন্নত করতে ফুটপাতে নতুন ডাস্টবিন ও বসার বেঞ্চ স্থাপন করা হয়েছে। নগরবাসীকে রাজধানী পরিচ্ছন্ন ও সবুজ রাখার আহ্বানে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ রাখা কেবল সরকারি দপ্তরের দায়িত্ব নয়, এতে নগরবাসীর সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।


























