ট্রাম্পের আমন্ত্রণ পেল পাকিস্তান, জানা গেল কারণ
- আপডেট সময় : ০২:০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
গাজা শাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ঘোষিত নতুন শান্তি পরিষদ (বোর্ড অব পিস)–এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-কে এ আহ্বান জানান বলে নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রয়টার্স-এর বরাতে জানা যায়, গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তান সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সংকটের টেকসই সমাধানে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তান সম্পৃক্ত থাকবে।
তবে ট্রাম্প ঘোষিত এই শান্তি পরিষদকে ইতিবাচকভাবে নেয়নি ইসরাইল। দখলদারত্বে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বোর্ড অব পিসকে দেখা হচ্ছে। এ নিয়ে আপত্তি জানাতে রোববার শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রয়টার্স জানায়, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয় গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের কাঠামো নিয়ে আপত্তি তোলে। তাদের বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের অধীনে গঠিত গাজা নির্বাহী বোর্ডের ঘোষণা ইসরাইলের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই দেওয়া হয়েছে, যা দেশটির নীতির সঙ্গে সাংঘর্ষিক। যদিও আপত্তির নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি।
এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি পরিষদ গঠন করতে পারা তাঁর জন্য সম্মানের বিষয়। তিনি আরও বলেন, বোর্ড অব পিসের সদস্যদের নাম খুব শিগগিরই প্রকাশ করা হবে।
















