রাতের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- আপডেট সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর থেকে মধ্য রাতের মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া এ তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে আবহাওয়া প্রতিকূল থাকতে পারে। বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার (৬ মে) সকাল ৯টার মধ্যে রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
















