দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: উপদেষ্টা
- আপডেট সময় : ০১:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
জুলাই মাসের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাকে কোনো ধরনের মবের মুখোমুখি হতে হবে না। তিনি কেবল প্রচলিত আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের সম্মুখীন হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলার সময় তিনি এ বিষয়টি স্পষ্ট করেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে নিয়ে সরকারের কোনো আপত্তি নেই বরং তাকে স্বাগত জানানো হবে। তিনি বলেন, আমরা যাকে চাই তিনি আসবেন, এতে আমরা খুশি। তাকে আমাদের ধরেবেঁধে আনতে হবে না। তিনি আরও উল্লেখ করেন যে, শেখ হাসিনা যেহেতু দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তিনি দেশে আসার পর আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা সম্পন্ন করা হবে।
শেখ হাসিনা তার শাসনকালে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেননি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা তাকে যথাযথ ন্যায়বিচার দিয়ে বিষয়টি সম্পন্ন করব। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে তিনি বলেন, এ নিয়ে আলোচনা ও গুঞ্জন চলতে থাকবে। সবশেষে উপদেষ্টা জোর দিয়ে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে কোনো প্রকার বেআইনি পরিস্থিতির শিকার হবেন না, শুধুমাত্র আইনের শাসনের আওতাতেই তার বিচার হবে।


























