জীবনে কত কষ্ট করেছেন, জানালেন নেইমার
- আপডেট সময় : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯ গোল) তিনটি বিশ্বকাপে খেলেছেন। বর্তমানে সান্তোসে খেলা এই ফরোয়ার্ড নিজের ইউটিউব চ্যানেলে ক্যারিয়ারের শুরুর কঠিন সময় নিয়ে কথা বলেছেন।
জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, নেইমার বলেন, ‘আমি যখন ১৩-১৪ বছরের ছিলাম, তখন স্কুলের ভ্রমণে যেতাম না, বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় সিনেমা দেখতে যেতাম না, কারণ পরদিন সকালে অনুশীলন থাকত।’
তিনি আরও বলেন, ‘আমি ভাবতাম সব বন্ধুরা মজা করছে, আর আমি বাড়িতে ছাদের দিকে তাকিয়ে আছি। কিন্তু একটা লক্ষ্য ছিল, একটা কারণ ছিল, সেটা আমি বুঝতাম। বিরক্ত লাগত, কিন্তু পরদিন মাঠে নামার সুযোগ পেলে সব ভুলে যেতাম।’
বিশ্বজুড়ে খ্যাতি ও অর্থ অর্জন করলেও মাঝে মাঝে স্বাভাবিক ও ব্যক্তিগত জীবনের জন্য আকাঙ্ক্ষা অনুভব করেন এই তারকা ফুটবলার।
নেইমার বলেন, ‘আমি ২০ বছর ধরে এই জীবনযাপন করছি। একজন খেলোয়াড় হওয়ার এটাই মূল্য। এটা কঠিন। ব্রাজিলে বিষয়টা আরও কঠোর, মানুষ আপনাকে সমালোচনা করে, ভুলে যায় আপনি একজন সাধারণ মানুষও।’
তিনি যোগ করেন, ‘এটা সত্যিই কঠিন। আমি কৃতজ্ঞ, কারণ আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি, কিন্তু আমিও একজন মানুষ।’
সম্প্রতি চোটের কারণে নিয়মিত সমস্যায় ভুগছেন নেইমার, যা তাকে মানসিকভাবেও প্রভাবিত করছে। তিনি বলেন, ‘আমিও কষ্ট পাই, ব্যথা অনুভব করি, খারাপ মুডে ঘুম থেকে উঠি, কাঁদি, রাগ করি, আবার খুশিও হই; সবই স্বাভাবিক।’














