জ্যাকসন হাইটসে ৩ কোটি ৩৮ লাখ ডলারে তৈরি হচ্ছে
- আপডেট সময় : ০৩:৩১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নিউইয়র্কের জনবহুল ও প্রবাসী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এলাকাটিতে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ কমিউনিটি সেন্টার ও সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য বর্তমানে ৩ কোটি ৩৮ লাখ ডলারের তহবিল নিশ্চিত করা সম্ভব হয়েছে। গত ১৪ অক্টোবর বুধবার জ্যাকসন হাইটসের পিএস ৩৯৮ স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এই প্রকল্পে এক কোটি ডলার অনুদানের ঘোষণা দেন।
প্রকল্পটির কাজ সম্পন্ন করার দায়িত্বে রয়েছে ‘ভ্যারাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব অব কুইন্স’। জ্যাকসন হাইটসের ৭০-০২, ৩৪ অ্যাভিনিউয়ে অবস্থিত সাবেক ‘বিকিউই বিলিয়ার্ডস অ্যান্ড বার’-এর খালি জায়গায় প্রায় ৩০ হাজার বর্গফুটের এই স্থাপনাটি গড়ে তোলা হবে। অর্থায়নের বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন সরকারি ও ফেডারেল পর্যায় থেকে সহায়তা নেওয়া হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ৯৩ লাখ ডলার। এছাড়া ফেডারেল বরাদ্দ হিসেবে সিনেটর চাক শুমার ও কার্স্টেন জিলিব্র্যান্ডের সহায়তায় ২০ লাখ এবং কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের মাধ্যমে পাওয়া যাচ্ছে ১০ লাখ ডলার।
তহবিল সংগ্রহের এই উদ্যোগে স্টেট অ্যাসেম্বলি সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্টেট অ্যাসেম্বলি সদস্য জেসিকা গঞ্জালেস-রোহাস, স্টিভেন রাগা এবং ক্যাটালিনা ক্রুজের সম্মিলিত উদ্যোগে যুক্ত হচ্ছে আরও ১৫ লাখ ডলার। প্রকল্পের অনুদান ঘোষণা অনুষ্ঠানে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি কংগ্রেস সদস্য গ্রেস মেং, নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন, কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান এবং ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাড লার্জ অ্যাটর্নিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তবে এই বিশাল কর্মযজ্ঞের আর্থিক চাহিদা যে আরও বেশি, তা জানিয়েছেন স্থানীয় কাউন্সিল সদস্য শেখর কৃষ্ণান। তিনি জানান, প্রকল্পটির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রায় ছয় কোটি ডলার। তিনি আরও বলেন, জ্যাকসন হাইটসে দীর্ঘদিন ধরেই একটি আধুনিক কমিউনিটি সেন্টার ও সুইমিং পুলের তীব্র অভাব ছিল। ঘনবসতিপূর্ণ এই এলাকায় বাসিন্দাদের সুস্থ বিনোদন ও সামাজিক কার্যক্রমের জন্য এমন একটি কেন্দ্রের প্রয়োজনীয়তা ছিল অত্যন্ত প্রকট। তহবিল নিশ্চিত হওয়ার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির নির্মাণ কাজ শুরু করার পথে বড় একটি মাইলফলক অর্জিত হলো।


























