রিয়ালে যোগ দিতে ‘আগ্রহী’ এনজো ফার্নান্দেজ
- আপডেট সময় : ১২:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এমনটাই জানালেন স্প্যানিশ সংবাদমাধ্যম ওকে ডিয়ারিও-র একজন সাংবাদিক। এদুয়ার্দো ইন্দারের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার স্বপ্নের কথা ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিকে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার।
রিয়ালে এনজোর খেলার আগ্রহের গুঞ্জন অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিক প্রতিবেদনে উঠে এসেছে তাঁর মাদ্রিদ ‘প্রীতি’ কথা। গত গ্রীস্মের দলবদলের আগে এনজোর সঙ্গে রিয়ালের নাম জড়ানো হয়েছিল, তবে শেষ পর্যন্ত চেলসিতেই থাকতে হয় তাঁকে।
রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে যোগ দেওয়া এনজো ক্লাবের পরিকল্পনা এবং লন্ডনের জীবনযাপন-দুটো নিয়েই নাকি এখন হতাশ। ঘনিষ্ঠ মহলে তিনি বারবার রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তোলার ইচ্ছার কথা বলেছেন।
রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে মঝামাঠে শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে। সেই প্রেক্ষাপটে এনজোর নাম অভ্যন্তরীণ আলোচনায় এসেছে। তবে এই দলবদল বাস্তবে রূপ নিতে বড় বাধা এনজোর বিশাল ট্রান্সফার ফি।
২০২৩ সালের জানুয়ারিতে ১২১ মিলিয়ন ইউরোতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন এনজো। ২৫ বছর বয়সী মিডফিল্ডারকে বিক্রি করতে ১৪০ মিলিয়ন ইউরোর কমে আলোচনায় বসতে রাজি নয় লন্ডনের ক্লাবটি। ফলে এনজোর বার্নাব্যু স্বপ্ন বাস্তবে রূপ নেয় কি না, তা নির্ভর করছে দুই ক্লাবের অবস্থানের ওপর।
চেলসিতে ১০৫ ম্যাচে ২৭ গোল করেছেন এনজো। ক্লাবটির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এই মিডফিল্ডারের।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যমাঠের মধ্যমণি হিসেবে আবির্ভূত হন এনজো। আলবিসেস্তাদের তৃতীয়বারের মতো বিশ্বসেরা হওয়ার আসরে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

























