পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
পাবনার ফরিদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের এক ক্যাম্প কমান্ডারকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম বাছির মল্লিক (৩৮), তিনি উপজেলার শালিকপাড়া এলাকার মৃত আছের মল্লিকের ছেলে। ফরিদপুর থানা-পুলিশ এক প্রেস ব্রিফিং- এ এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাছির মল্লিক নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মূলত তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর থানাধীন আইনগঞ্জ ব্রিজের দক্ষিণ-পূর্ব কোণ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে কাঠের বাটযুক্ত একটি দেশীয় বন্দুক, চাপাতি, ধারালো ছেনি, ছোট-বড় ধারালো চাকু, হসুয়া ও লোহার তৈরি বঁটি। পুলিশের ভাষ্যমতে, বাছির মল্লিকের বিরুদ্ধে এলাকার ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কাজ করছে পুলিশ। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে মাদক কারবারি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে পুলিশের বিশেষ তৎপরতা চলমান রয়েছে।

























