নিরাপত্তা ঝুঁকিতে আইপিএলের দুই ম্যাচে মাঠে থাকবে না কোন দর্শক
- আপডেট সময় : ০৪:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৯৯ বার পড়া হয়েছে
নিরাপত্তাজনিত কারণে নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)-এর দুইটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচগুলোতে কোনো দর্শক গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না।
১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পৌরসভার নির্বাচনের কারণে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ প্রাধান্য পাবে। ভোটের আগের দিন (১৪ জানুয়ারি) এবং নির্বাচনের দিন (১৫ জানুয়ারি) মুম্বাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এই কারণে স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুলিশ সরবরাহ সম্ভব নয় বলে স্থানীয় প্রশাসন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে জানায়। ফলস্বরূপ খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শকবিহীন ম্যাচ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বোর্ড।
সূচি অনুযায়ী, ১৪ জানুয়ারি দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে। পরদিন ১৫ জানুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই দুই ম্যাচে ক্রিকেটাররা গ্যালারির সমর্থন ছাড়া খেলবেন।
এদিকে ১৬ জানুয়ারির ম্যাচ নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে। ওই দিনের ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, তা এখনও নিশ্চিত হয়নি। তবে সতর্কতামূলক কারণে ওই ম্যাচের টিকিট বিক্রি আপাতত স্থগিত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন পেলেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, গত ৯ জানুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এবারের নারী আইপিএল।














