ব্যালন ডি’অর নয়, ইয়ামাল জানালেন ভিন্ন লক্ষ্যের কথা
- আপডেট সময় : ০৩:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
ফুটবলে বর্তমানে সেরাদের একজন লামিনে ইয়ামাল। অনেকের চোখে স্প্যানিশ এই উইঙ্গার লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি। মাত্র ১৮ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিনিয়তই সেটা প্রমাণও করে যাচ্ছেন ইয়ামাল। পারফরম্যান্সের এই ধারা অব্যহত রাখলে, সর্বকালের অন্যতম সেরা মেসির মতো ভূরিভূরি ব্যাক্তিগত সাফল্যও মিলবে, সেটা ভালো করেই জানেন তিনি। যেকোনো ফুটবলারই স্বপ্ন দেখেন ব্যাক্তিগত সর্বোচ্চ পুরষ্কার ব্যালন ডি’অর ক্যারিয়ারে অন্তত একবার হলেও জিতবেন। তবে আপাতত এদিকে নজরই দিচ্ছেন না ইয়ামাল।
মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাক্তিগত অর্জনের ভাবনা নিয়ে কথা বলেন ইয়ামাল। গত বছরের ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে উসমান দেম্বেলের পর দ্বিতীয় স্থান অর্জন করেন। একই অনুষ্ঠানে জিতেছেন কোপা ট্রফি, যা আগের বছরও তাঁর ঝুলিতে উঠেছিল। বাকি রইল শুধু ব্যালন ডি’অর। কিন্তু ব্যালন ডি’অর জিততেই হবে, এমন কোনো ভাবনাই নাকি নেই ইয়ামালের।
ইয়ামাল বলেনআমি এটা নিয়ে ভাবি না। এটি এমন একটি পুরস্কার, যেটা নিয়ে বেশি ভাবলেও কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায় না। আপনি কী জিতেছেন, কীভাবে খেলেছেন এবং কারা ভোট দিচ্ছে—এসবের ওপরই অনেক কিছু নির্ভর করে। এটি শুধু আপনার খেলার মাধ্যমে নির্ধারিত হয় না। আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই এবং বার্সা ও জাতীয় দলের সঙ্গে জিততে চাই।’
মাত্র ১৮ বছর বয়সেই বার্সার হয়ে দুটি লা লিগা শিরোপা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন। পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের মধ্যে রয়েছে কোপা ট্রফি ও গোল্ডেন বয়। জাতীয় দল স্পেনের হয়ে জিতেছেন ইউরো।
এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ২৯ ম্যাচে ১৪ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি। পরিসংখ্যানকে খুব বেশি গুরুত্ব না দিলেও ইয়ামাল বলেছেন, তার প্রধান লক্ষ্য দলগত সাফল্য,
‘আমার খেলা এসব পরিসংখ্যানের ওপর নির্ভর করে না। কখনো ভালো খেলেও গোল করতে পারি না, আবার গোল করলেও সব সময় ভালো খেলতে পারি না—এ নিয়ে আলোচনা হয়। কিন্তু আমি চাই ভালো খেলতে, দল জিতুক এবং আমরা এভাবেই এগিয়ে যাই।’
স্পেন জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় অপেক্ষা করছে ইয়ামালের জন্য। প্রথম চ্যালেঞ্জ হলো ফিনালিসিমা—ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচটি হবে আগামী ২৭ মার্চ। কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
তারপর সবকিছু ঠিক থাকলে প্রথমবারের বিশ্বকাপ খেলবেন ইয়ামাল। গ্রুপ ‘এইচ’-এ ১৫ জুন আটলান্টা স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হবে তাঁর। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন। এবারের বিশ্বকাপে অন্যতম ‘ফেবারিট’ ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা স্পেন। যদি ‘লা রোজারা’ বিশ্বকাপ জিততে পারে, পাশাপাশি দলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন ইয়ামাল, তবে সবচেয়ে কম বয়সেই হয়তো ব্যালন ডি’অর জেতা হয়ে যাবে ‘ভিন্ন লক্ষ্যের’ কথা বলা বার্সা তারকার।














