মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর থেকে
- আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় গমনেচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম আগামী ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্পষ্ট করা হয়েছে যে, ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো স্বাস্থ্য পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং এর ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা খুব দ্রুতই মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের নিয়মিত ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর তথ্যের ওপর নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া কর্মক্ষমতা ও নির্দেশনা পরিপালনের ভিত্তিতে এই তালিকা থেকে নির্দিষ্ট সেন্টার বাদ পড়তে বা নতুন করে যুক্ত হতে পারে বলেও জানানো হয়েছে।
মন্ত্রণালয় সতর্ক করেছে যে, কোনো রিক্রুটিং এজেন্সি বা মেডিকেল সেন্টার সরকারি অনুমোদন ছাড়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে না। সম্প্রতি কিছু অসাধু চক্র ও দালাল নামধারী ব্যক্তি অবৈধভাবে স্বাস্থ্য পরীক্ষা করানোর প্রলোভন দেখিয়ে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণামূলক প্রস্তাবে বিভ্রান্ত না হতে এবং যথাযথ অনুমোদন নিশ্চিত না হওয়া পর্যন্ত কারো কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে কেবল সরকারি তালিকাভুক্ত সেন্টারেই পরীক্ষা করাতে হবে এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্যকারী রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা, সংশ্লিষ্ট এজেন্সির কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত করা এবং সরকারের প্রদত্ত অনুমোদন বাতিল করা। অবৈধ কার্যক্রমের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে বা ভুক্তভোগী হলে ঘটনার স্থান, তারিখ, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও প্রয়োজনীয় প্রমাণসহ [email protected] ঠিকানায় ইমেইল করার আহ্বান জানানো হয়েছে। কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রণালয় এই নজরদারি অব্যাহত রাখবে এবং জনস্বার্থে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ-সংক্রান্ত তথ্য [email protected] ই-মেইলে পাঠানো যাবে। কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে মন্ত্রণালয় নজরদারি অব্যাহত রাখবে।


























